ইরানের তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (NIOC) প্রধান নির্বাহী হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।
রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়। প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগবিষয়ক উপপ্রধান মেহদি তাবাতাবায়ি জানান, পাকনেজাদ ব্যক্তিগত কারণ দেখিয়ে আগেই পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রথমে তা গ্রহণ করেননি এবং তাকে দায়িত্বে থাকার অনুরোধ করেছিলেন। তবে পাকনেজাদ পদত্যাগের সিদ্ধান্তে অটল থাকায় শেষ পর্যন্ত তা গ্রহণ করা হয়।
হামিদ বোভার্দ হলেন ভারপ্রাপ্ত তেলমন্ত্রী
পাকনেজাদের স্থলাভিষিক্ত হিসেবে হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত তেলমন্ত্রী করা হয়েছে। তিনি এর আগে ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তেল খাতের দীর্ঘ অভিজ্ঞতা থাকা বোভার্দ এখন ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি মন্ত্রণালয়ের দৈনন্দিন কার্যক্রমের দায়িত্ব সামলাবেন।
পাকনেজাদ ২০২৪ সালের আগস্ট থেকে ইরানের তেলমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানের তেল খাত
পাকনেজাদের পদত্যাগের আনুষ্ঠানিক কারণ হিসেবে ব্যক্তিগত বিষয় উল্লেখ করা হলেও, তার বিদায়ের সময়টি ইরানের তেল খাতের জন্য অত্যন্ত সংকটপূর্ণ। যুক্তরাষ্ট্রের নজিরবিহীন নিষেধাজ্ঞা, তেল রপ্তানিতে বাধা এবং ইরান-যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধ দেশটির জ্বালানি খাত ও অর্থনীতির ওপর ব্যাপক চাপ তৈরি করেছে।
রয়টার্স জানিয়েছে, পদত্যাগের খবর প্রকাশের কিছুক্ষণ আগে পাকনেজাদ রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছিলেন, ইরান ইতোমধ্যে যে তেল বিক্রি করেছে, সেসবের রাজস্ব এখনো দেশে আসছে এবং তা অব্যাহত থাকবে বলে তিনি আশা করছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও তেল রপ্তানিতে বিধিনিষেধের ফলে ইরানের জন্য তেল থেকে রাজস্ব আদায় ক্রমেই কঠিন হয়ে উঠছে। ফলে নতুন ভারপ্রাপ্ত তেলমন্ত্রীকে একই সঙ্গে তেল উৎপাদন, রপ্তানি ও রাজস্ব প্রবাহ ধরে রাখার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি,
