ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে কৌশলগত হরমুজ প্রণালি এলাকায় ফের দুটি তেলবাহী জাহাজে অজ্ঞাত বস্তু বা প্রজেক্টাইলের আঘাতের ঘটনা ঘটেছে। শুক্রবার ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।
ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, প্রথম জাহাজটি হরমুজ প্রণালি দিয়ে বের হয়ে যাওয়ার সময় অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে আগুন ধরে যায় এবং জাহাজটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং পরিবেশেরও কোনো ক্ষতির তথ্য মেলেনি। আগুন নিয়ন্ত্রণের পর জাহাজটি আবার গন্তব্যের দিকে যাত্রা করতে সক্ষম হয়।
এর কয়েক ঘণ্টা পর ওমানের পূর্বে আরেকটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানে। ইউকেএমটিও জানিয়েছে, জাহাজটির সব ক্রু নিরাপদ রয়েছেন এবং এ ঘটনায়ও কোনো পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি। দুটি ঘটনারই তদন্ত চলছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হতো। সংঘাত শুরুর পর থেকে প্রণালিটিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বারবার হুমকির মুখে পড়েছে। এর আগে মঙ্গলবারও তিনটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়।
হরমুজ প্রণালিকে ঘিরে নতুন এসব হামলার ঘটনায় আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। এর আগে প্রণালিতে জাহাজে হামলার ঘটনায় তেলের বাজারেও ব্যাপক অস্থিরতা দেখা গেছে।
সূত্র: এএফপি, রয়টার্স
