ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশে নাশকতা ও অস্থিরতা তৈরির অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়। ইরানি কর্তৃপক্ষের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদপুষ্ট চারটি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন।
কেরমানের সিরজান কাউন্টিতে এসব নেটওয়ার্ক সক্রিয় ছিল বলে জানিয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে কিশোর ও তরুণদের নেটওয়ার্কে যুক্ত করা এবং দেশজুড়ে সম্ভাব্য বিক্ষোভে অংশ নেওয়ার জন্য সংগঠিত করার অভিযোগ আনা হয়েছে।
কর্তৃপক্ষের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা বিপুল পরিমাণ মোলোটভ ককটেল তৈরি করছিলেন। পাশাপাশি শহরের নজরদারি ক্যামেরা ধ্বংসের জন্য সরঞ্জাম প্রস্তুত করা হয়েছিল, যাতে সড়কে অস্থিরতা ও নাশকতা চালানো যায় বলে দাবি করেছে মন্ত্রণালয়।
ইরানের অভিযোগ, এই নেটওয়ার্কগুলোর সদস্যরা জানুয়ারিতে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের সময়ও সহিংসতা ও সরকারি-বেসরকারি স্থাপনায় হামলায় জড়িত ছিলেন। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
Source: Al Jazeera / Iran Intelligence Ministry
