চীনের কাছ থেকে পঞ্চম প্রজন্মের জে-৩৫ স্টেলথ যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা করছে পাকিস্তান। ইসলামাবাদ এই যুদ্ধবিমান হাতে পেলে তা ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং। তবে একই সঙ্গে জে-৩৫ মোকাবিলার প্রয়োজনীয় সক্ষমতা ভারতের রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
শনিবার ভারতের ৯৪তম বিমানবাহিনী দিবস উপলক্ষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন এ পি সিং। আগামী ৮ অক্টোবর ভারতে বিমানবাহিনী দিবস পালিত হবে।
ভারতীয় বিমানবাহিনী প্রধান জানান, যুদ্ধবিমান স্কোয়াড্রনের সংখ্যা বাড়াতে বছরে ৩৬ থেকে ৪০টি নতুন যুদ্ধবিমান বাহিনীতে যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এ জন্য তেজস এমকে-১এ, তেজস এমকে-২, রাফাল এবং ভবিষ্যতে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট বা এএমসিএ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
দূরপাল্লার আকাশযুদ্ধে সক্ষমতা বাড়াতেও কাজ করছে ভারত। এ জন্য অ্যাস্ট্রা এমকে-১, এমকে-২ ও এমকে-৩ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ও উৎপাদন এগিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে অ্যাস্ট্রা এমকে-৩-এর পাল্লা ৩৫০ কিলোমিটারের বেশি হতে পারে বলে জানা গেছে।
এ ছাড়া রাশিয়ার আর-৩৭এম এবং ফ্রান্সের মেটিওর ক্ষেপণাস্ত্র সংগ্রহের বিষয়টিও ভারত বিবেচনা করছে বলে জানিয়েছেন এয়ার চিফ মার্শাল এ পি সিং।
তিনি বলেন, প্রতিপক্ষের হাতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এলে ভারতেরও দ্রুত এএমসিএ কর্মসূচি এগিয়ে নেওয়া প্রয়োজন। একই সঙ্গে প্রয়োজন হলে বিকল্প ব্যবস্থাও প্রস্তুত রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।
Source: The Indian Express
