আন্তর্জাতিক•Nov 22, 2026•3 min read

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের জেরে মেটার কার্যালয়ে ঢুকে যুব কংগ্রেসের বিক্ষোভ-ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক•আন্তর্জাতিক|আন্তর্জাতিক

ভারতের হায়দরাবাদে নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালান যুব কংগ্রেস কর্মীরা। ঘটনায় ২০ জন আটক হলেও পরে মুক্তি পান।

শেয়ার করুন:
নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের জেরে মেটার কার্যালয়ে ঢুকে যুব কংগ্রেসের বিক্ষোভ-ভাঙচুর

ভারতের হায়দরাবাদে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটার কার্যালয় চত্বরে ঢুকে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন যুব কংগ্রেসের নেতাকর্মীরা। এ ঘটনায় সংগঠনটির প্রায় ২০ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। তবে আটকের প্রায় তিন ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (২০ নভেম্বর) হায়দরাবাদের মাধাপুর এলাকায় মেটার কার্যালয়ে এ ঘটনা ঘটে। যুব কংগ্রেসের অভিযোগ, সংগঠনটির কয়েকজন নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মেটা। পাশাপাশি দলটির বেশ কিছু পোস্টও সরিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে কার্যালয়ের সামনে বিক্ষোভে নামেন নেতাকর্মীরা।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে তেলেঙ্গানা রাজ্য যুব কংগ্রেসের সভাপতি শিব চরণ বলেন, তাঁরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে এবং মেটা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলেন। কিন্তু তাঁদের ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে পুলিশ তাঁদের আটক করে।

শিব চরণের অভিযোগ, মেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কংগ্রেসের প্রচার-প্রচারণার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি বৈরী আচরণ করছে বলে দাবি করেন তিনি।

পুলিশ সূত্র জানায়, বিক্ষোভকারীরা মেটার কার্যালয় চত্বরে প্রবেশ করলেও মূল ভবনে ঢুকতে পারেননি। এ সময় একটি ফুলের টব ভাঙার ঘটনা ঘটে। মেটার পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের না করায় এ ঘটনায় মামলা করেনি পুলিশ।

বিক্ষোভের একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করে ভারতীয় যুব কংগ্রেস। ভিডিওতে দেখা যায়, হাতে প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা মেটার কার্যালয় চত্বরে স্লোগান দিচ্ছেন। একপর্যায়ে তাঁদের একজন ফুলের টব তুলে মাটিতে আছড়ে ভেঙে ফেলেন। এ সময় পুলিশ সদস্যদের তাঁকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়।

অন্য একটি ভিডিওতে মেটার কার্যালয়ের ক্যাফেটেরিয়ার মতো একটি স্থানে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়। এ সময় প্রতিষ্ঠানের কর্মীদের বিস্মিত হয়ে তাঁদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে দেখা যায়।

বিক্ষোভের পর যুব কংগ্রেস দাবি করে, কর্মসূচি শুরুর মাত্র ১৫ মিনিটের মধ্যেই সংগঠনটির সভাপতি উদয় ভানু চিব ও জাতীয় দায়িত্বপ্রাপ্ত নেতা মনীশ শর্মার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনরায় চালু করে দেয় মেটা। সংগঠনটির ভাষ্য, ১৯ নভেম্বর ভারতে অ্যাকাউন্ট দুটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

এক বিবৃতিতে যুব কংগ্রেস জানায়, তাদের নেতারা বিভিন্ন প্রশ্ন তুললে বিজেপি অস্বস্তিতে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে কংগ্রেসের কণ্ঠ আরও জোরালো হওয়ায় মেটার বিরুদ্ধে বেছে বেছে অ্যাকাউন্ট বন্ধ ও পোস্ট সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সংগঠনটির দাবি, রাজপথে প্রতিবাদে নামার পরই অ্যাকাউন্ট দুটি ফিরিয়ে দেওয়া হয়েছে।

তবে অ্যাকাউন্ট পুনরুদ্ধার কিংবা যুব কংগ্রেসের অভিযোগের বিষয়ে মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত খবর

আফ্রিকায় তুরস্কের সামরিক উত্থান: চ্যালেঞ্জের মুখে রাশিয়া-চীনের প্রভাব

উত্তর আফ্রিকা ও সাহেল অঞ্চলে তুরস্কের সামরিক প্রভাব বাড়ছে। রাশিয়া-চীনের প্রতিযোগিতা, পশ্চিম সাহারার উত্তেজনা ও জলদস্যুতার ঝুঁকি আঞ্চলিক নিরাপত্তাকে জটিল করছে।

চীনের সাথে রেকর্ড বাণিজ্য, তবুও আফ্রিকার ১০০ বিলিয়ন ডলারের ঘাটতি

চীনের সঙ্গে আফ্রিকার বাণিজ্য ৩৪৬.৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও ঘাটতি ছাড়িয়েছে ১০১.৪ বিলিয়ন ডলার। পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক শিল্পায়ন ও প্রযুক্তিগত স্বনির্ভরতায় জোর দিচ্ছে মহাদেশটি।

ভারতের উত্থান ঠেকাতে ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানকে সহায়তা করেছিল চীন: মার্কিন কমিশন

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল চীন—এমন দাবি করেছে মার্কিন কমিশন। এতে ভারতের নিরাপত্তা ও দুই ফ্রন্টে যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।