গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরতে স্যাটেলাইটের ছবি প্রকাশ করেছেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। নিজের ইনস্টাগ্রাম পোস্টে যুদ্ধের আগে ও পরের গাজার বিভিন্ন এলাকার ছবি শেয়ার করেন তিনি।
দীর্ঘ ওই পোস্টে জোলি সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ না করলেও বলেন, গাজার পুরোপুরি অনেক আবাসিক এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অবকাঠামোর বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।
জোলির ভাষ্য অনুযায়ী, গাজার প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। কিন্তু ত্রাণ ও আশ্রয় সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে এখনো নানা ধরনের বিধিনিষেধ ও বিলম্ব রয়েছে।
গাজার পরিস্থিতি বোঝাতে গুগল আর্থের স্যাটেলাইট ছবির কথাও উল্লেখ করেন জোলি। তার মতে, এসব ছবিতে যুদ্ধের কারণে সৃষ্ট ভৌত ধ্বংসযজ্ঞ অত্যন্ত স্পষ্টভাবে দেখা যায়।
তিনি বলেন, শীত আসার আগেই গাজার মানুষের জন্য পর্যাপ্ত আশ্রয়ের ব্যবস্থা করা জরুরি। একই সঙ্গে বেসামরিক মানুষের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানো এবং হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
Source: Al Jazeera
