ভারতের পশ্চিমবঙ্গে ভ্রমণে গিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক হয়েছেন এক বাংলাদেশি পর্যটক। পর্যটক ভিসায় ভারতে যাওয়া কুড়িগ্রামের মোহাম্মদ সেলিম হোসেনকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কথিত এজেন্ট সন্দেহে আটক করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কী ধরনের প্রমাণ পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার বিকেলে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে সেলিমকে আটক করা হয়। বর্তমানে তাকে মেখলিগঞ্জ থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সেলিমের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। তবে তার বয়স নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেছে। কোনো প্রতিবেদনে তার বয়স ৩০ বছর, আবার কোথাও ২২ বছর উল্লেখ করা হয়েছে।
ভারতীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে পর্যটক ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন সেলিম। দেশটির একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। অভিযোগ, তিনি দার্জিলিংয়ের পর্যটন এলাকা এবং উত্তরবঙ্গের বাগডোগরা ও হাসিমারায় ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিগুলোর তথ্য সংগ্রহ করছিলেন।
আটকের সময় তার কাছ থেকে ‘আনিল আসগর কালহোরো’ নামের এক ব্যক্তির ভিজিটিং কার্ড উদ্ধারের দাবি করেছে ভারতীয় তদন্তকারী সংস্থাগুলো। ওই ব্যক্তিকে বাংলাদেশে কর্মরত আইএসআইয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা বলে সন্দেহ করা হচ্ছে। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ও ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) সেলিমকে জিজ্ঞাসাবাদ করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ভারতীয় কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে আইএসআইয়ের চর সন্দেহে আটক হওয়া পঞ্চম ব্যক্তি সেলিম। এর প্রায় দুই মাস আগে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) দিনহাটার বিভিন্ন এলাকা থেকে সাইফুল হক, নূর নাসিরউদ্দিন মিয়া, মিঠু রহমান ও রাশিদুল হক নামের আরও চারজনকে আটক করেছিল।
এদিকে, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ সীমান্তে নজরদারি ও কড়াকড়ি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ধরপাকড় জোরদারের অভিযোগ উঠেছে। বৈধ ভিসায় ভারতে যাওয়া বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা ও হয়রানির আশঙ্কা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের স্বচ্ছতা ও প্রমাণ প্রকাশ না করা হলে এ ধরনের ঘটনায় প্রশ্ন আরও বাড়তে পারে।
