চীনে উন্নত চক্ষু চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ ‘গ্রিন চ্যানেল’ সেবা চালু করা হয়েছে। এ ব্যবস্থায় চীনে যাওয়ার আগেই চিকিৎসকের পরামর্শ ও নথিপত্র পর্যালোচনা, হাসপাতালে অগ্রাধিকারভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট, দোভাষীর সহায়তা এবং চিকিৎসা শেষে দেশে ফেরার পরও ফলোআপ পরামর্শ পাবেন রোগীরা।
শনিবার (২৪ অক্টোবর) চীনের কুনমিংয়ের হুয়াশিয়া চক্ষু হাসপাতালে এ সেবার উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল শাহনাজ রানু। একই অনুষ্ঠানে তিনি ‘হুয়াশিয়া অপথ্যালমোলজি ইন্টারন্যাশনাল ফোরাম ২০২৬’-এরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে কনস্যুলেটের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান ও হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ঝাং ঝিইয়ং উপস্থিত ছিলেন।
নতুন ব্যবস্থার আওতায় চীনে যাওয়ার আগেই রোগীদের চিকিৎসার প্রয়োজনীয়তা যাচাই এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হবে। হাসপাতালে পৌঁছানোর পর আন্তর্জাতিক ডেস্ক থেকে সহায়তা ও অগ্রাধিকারভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট পাবেন তাঁরা। ভাষাগত জটিলতা এড়াতে থাকবে দোভাষীর ব্যবস্থা। চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে যাওয়ার পরও চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নেওয়ার সুযোগ থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে শাহনাজ রানু বাংলাদেশের জনস্বাস্থ্য খাতের অগ্রগতি এবং দেশীয় চক্ষু চিকিৎসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতার কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশি রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসার ব্যয়ে স্বচ্ছতা, ন্যায্য মূল্য এবং রোগীর মর্যাদা রক্ষার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, বাংলাদেশি রোগীদের জন্য মানসম্মত ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করা, চিকিৎসার ব্যয়ে স্বচ্ছতা বজায় রাখা এবং রোগীর মর্যাদা সমুন্নত রাখাই বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রত্যাশা।
বাংলাদেশের চক্ষু চিকিৎসাব্যবস্থার সক্ষমতা বাড়াতে হুয়াশিয়া হাসপাতাল কর্তৃপক্ষকে সহযোগিতার আহ্বান জানান শাহনাজ রানু। এ ক্ষেত্রে বাংলাদেশি চক্ষু চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ, দূরবর্তী চিকিৎসা পরামর্শ এবং বাংলাদেশের চক্ষু চিকিৎসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
নতুন এ উদ্যোগের ফলে চীনে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি রোগীরা ভ্রমণের আগে থেকে শুরু করে চিকিৎসা-পরবর্তী ফলোআপ পর্যন্ত সমন্বিত সহায়তা পাবেন। পাশাপাশি দুই দেশের চক্ষু চিকিৎসা খাতে প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণেরও সুযোগ তৈরি হবে।
