দূরপাল্লার উচ্চগতির তথ্য আদান-প্রদানে নতুন মাইলফলক অর্জন করেছে চীন। প্রথমবারের মতো ফাঁপা কোরযুক্ত অপটিক্যাল ফাইবার ব্যবহার করে এক হাজার কিলোমিটারের বেশি দূরত্বে একই সময়ে দুই দিকে তথ্য পরিবহনের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। এতে ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তথ্যকেন্দ্র ও উচ্চক্ষমতার কম্পিউটিং নেটওয়ার্কের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রতি সেকেন্ডে ১২৮ টেরাবিট তথ্য পরিবহন
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষায় ব্যবহৃত ফাইবার সংযোগের দৈর্ঘ্য ছিল ১ হাজার ৭ দশমিক ৪৮ কিলোমিটার। এতে একই সময়ে উভয় দিকে প্রতি সেকেন্ডে ৬৪ টেরাবিট করে তথ্য পরিবহন সম্ভব হয়েছে। অর্থাৎ দুই দিক মিলিয়ে মোট সক্ষমতা দাঁড়িয়েছে প্রতি সেকেন্ডে ১২৮ টেরাবিট।
এই গতিতে প্রতি সেকেন্ডে ৫০ গিগাবাইট আকারের ১৬০টি ফোরকে সিনেমা আপলোড এবং একই সংখ্যক সিনেমা ডাউনলোড করা সম্ভব। এক হাজার কিলোমিটার দূরত্বে একমুখী তথ্য পাঠাতে সময় লেগেছে মাত্র ৩ দশমিক ৪৩ মিলিসেকেন্ড।
ফাঁপা কোরযুক্ত ফাইবারে কীভাবে কমে বিলম্ব?
প্রচলিত অপটিক্যাল ফাইবারে কাচের ভেতর দিয়ে আলোকসংকেত চলাচল করে। অন্যদিকে, ফাঁপা কোরযুক্ত ফাইবারে সংকেত মূলত ভেতরের ফাঁকা অংশ দিয়ে পরিবাহিত হয়। ফলে আলোর চলাচল দ্রুত হয় এবং তথ্য আদান-প্রদানে বিলম্ব কমে।
চীনা বিশেষজ্ঞদের দাবি, প্রচলিত কঠিন কোরের ফাইবারের তুলনায় এই প্রযুক্তিতে তথ্য পরিবহনের বিলম্ব প্রায় ৩০ শতাংশ কমানো সম্ভব। পরীক্ষায় প্রচলিত সেরা ফাইবারের তুলনায় তথ্য পরিবহনের সক্ষমতা দ্বিগুণ এবং দূরত্ব ৬০ শতাংশ বেশি পাওয়া গেছে। একই ধরনের আগের পরীক্ষার তুলনায় দূরত্ব বেড়েছে ৫০ গুণ।
এআই প্রযুক্তিতে কী প্রভাব পড়বে?
এআইয়ের বড় মডেল প্রশিক্ষণ, বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ এবং বিভিন্ন তথ্যকেন্দ্রের মধ্যে তথ্য আদান-প্রদানে উচ্চগতি ও কম বিলম্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রযুক্তি এসব কাজে উল্লেখযোগ্য সুবিধা দিতে পারে।
আরেকটি সুবিধা হলো, বিদ্যমান তথ্য পরিবহন সরঞ্জাম ব্যবহার করেই প্রযুক্তিটি কাজে লাগানো সম্ভব। ফলে পুরো নেটওয়ার্ক অবকাঠামো নতুন করে তৈরি করার প্রয়োজন কমতে পারে।
এদিকে শেনজেন ও হংকংয়ের মধ্যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ফাঁপা কোরযুক্ত ফাইবারের বাণিজ্যিক ব্যবহার ইতিমধ্যে শুরু হয়েছে। চীনের এই পরীক্ষামূলক সাফল্য ভবিষ্যতে দীর্ঘ দূরত্বের উচ্চগতির যোগাযোগব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে।
