চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মুক্ত বাণিজ্য ও বিনিয়োগের পক্ষে অবস্থান নিয়েছেন; অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞাকে অকার্যকর আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠকের আগে তাঁদের এই বক্তব্য সামনে এলো।
পশ্চিমা বাণিজ্য সংরক্ষণবাদ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার চীনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে দেওয়া বক্তব্যে তাঁরা এসব মন্তব্য করেন। এর এক দিন পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁদের গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। খবর রয়টার্সের।
বৃহস্পতিবারের বৈঠকে ইউক্রেন যুদ্ধ, ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ, বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু আলোচনায় আসতে পারে। বৈঠকটিকে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতাদের ওই বৈঠকে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা এবং প্রভাববলয় নিয়ে সিদ্ধান্ত হয়েছিল। তবে ছোট দেশগুলোর স্বার্থ উপেক্ষিত হওয়ার আশঙ্কায় এবারের বৈঠক নিয়েও উদ্বেগ রয়েছে বিভিন্ন দেশের নেতাদের মধ্যে।
এপেক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে শি জিনপিং ‘মুক্ত ও উন্মুক্ত বাণিজ্য’ বজায় রাখার আহ্বান জানান। তাঁর ভাষায়, বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) কেন্দ্র করে নিয়মভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা সমুন্নত রাখতে হবে। একই সঙ্গে বৈশ্বিক শিল্প ও সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি।
চীনের উন্নত এআই চিপ ব্যবহারের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে বিধিনিষেধ আরোপের পর শির এই বক্তব্য এলো। এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের উন্নত চিপে চীনের প্রবেশাধিকার সীমিত করার এ পদক্ষেপ বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার নাজুক বাণিজ্য সমঝোতাকে আরও জটিল করতে পারে। চীন পাল্টা ব্যবস্থা নেওয়ারও অঙ্গীকার করেছে।
শি বলেন, চীন তার শিল্প খাতে বিনিয়োগ অব্যাহত রাখবে এবং এমন প্রযুক্তি উদ্ভাবন করবে, যা অন্য দেশগুলোরও কাজে আসবে। পাশাপাশি শুল্ক কমানো ও বাজার আরও উন্মুক্ত করার প্রতিশ্রুতি দেন তিনি। তবে সংরক্ষণবাদ ও একতরফা পদক্ষেপের বিরুদ্ধে চীন অবস্থান নেবে বলেও জানান।
এশিয়া গ্রুপের ডিজিটাল প্র্যাকটিস বিভাগের প্রধান জর্জ চেনের মতে, শির বক্তব্য উন্নয়নশীল বিশ্বের অনেক দেশের কাছে গ্রহণযোগ্য হতে পারে। তাঁর ভাষায়, ওয়াশিংটনের প্রযুক্তি কৌশলের বিপরীতে নিজেদের অবস্থান তুলে ধরার বেইজিংয়ের প্রচেষ্টাকেও এটি জোরদার করবে।
পশ্চিমা নিষেধাজ্ঞা নিয়ে পুতিনের সমালোচনা
শির পর বক্তব্য দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা শক্তিগুলোকে ‘সাবেক আধিপত্যবাদী’ আখ্যা দিয়ে তিনি বলেন, ইউরোপ ‘অপমানজনক পতনের’ মধ্য দিয়ে যাচ্ছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর মস্কোর ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা উল্টো রাশিয়াকে আরও শক্তিশালী করেছে বলেও দাবি করেন তিনি।
পুতিন বলেন, অর্থনৈতিক আধিপত্য ও চাপ প্রয়োগের প্রচলিত কৌশলগুলোর কার্যকারিতা অনেকটাই কমে গেছে। নিষেধাজ্ঞা, শুল্ক ও রপ্তানি বিধিনিষেধ কিছুটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারলেও প্রতিদ্বন্দ্বী দেশের প্রবৃদ্ধি থামানো কিংবা অর্থনীতি ধ্বংস করা সম্ভব নয়।
পরে দ্বিপক্ষীয় বৈঠকে শি ও পুতিন নিজেদের অংশীদারত্বকে আন্তর্জাতিক অঙ্গনে ‘স্থিতিশীল ও ইতিবাচক’ বলে বর্ণনা করেন। পাশাপাশি বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা এগিয়ে নিতে আরও পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন তাঁরা।
এদিকে এশিয়া সফরের অংশ হিসেবে ফিলিপাইনে গিয়ে ট্রাম্প দেশটির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমা ও ভূখণ্ড নিয়ে বেইজিংয়ের সঙ্গে ম্যানিলার উত্তেজনার মধ্যেই এ ঘোষণা এলো। চীনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথাও জানিয়েছিলেন ট্রাম্প, তবে তা এখনো নিশ্চিত হয়নি।
ক্রেমলিন ইয়াল্টা সম্মেলনের সঙ্গে এবারের বৈঠকের তুলনাকে ‘রাজনৈতিক বিশ্লেষকদের খেলা’ বলে উড়িয়ে দিয়েছে। তবে বৈশ্বিক বিষয়ে বৈঠকটির বড় প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে তারা। বেইজিংয়ের ভাষ্য, ত্রিপক্ষীয় আলোচনা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
বুধবারের বৈঠকের আগে তাইওয়ান ও জাপান তাদের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশের অভিযোগ তুলেছে। পুতিন বিশ্ব পরিস্থিতিকে ‘অস্থির’ হিসেবে বর্ণনা করলেও দেশগুলোর মতপার্থক্য আলোচনার টেবিলে বসে সমাধানের পক্ষে মত দেন। রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের আসন্ন বৈঠক থেকে বড় ধরনের সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: রয়টার্স
