আন্তর্জাতিক•Oct 25, 2026•3 min read

ফ্রান্সে বিক্ষোভে উত্তাল রাজপথ, সংঘর্ষে আটক ১৩৫

আন্তর্জাতিক ডেস্ক•আন্তর্জাতিক|আন্তর্জাতিক

জীবনযাত্রার ব্যয় ও সরকারি নীতির প্রতিবাদে ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে, সংঘর্ষের পর ১৩৫ জনকে আটক করেছে পুলিশ এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শেয়ার করুন:
ফ্রান্সে বিক্ষোভে উত্তাল রাজপথ, সংঘর্ষে আটক ১৩৫

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও সরকারি নীতির প্রতিবাদে ফ্রান্সে আবারও রাজপথে নেমেছেন হাজারো মানুষ। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। আটক করা হয় অন্তত ১৩৫ জনকে।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের সহিংসতার পুনরাবৃত্তি ঠেকাতে আগেভাগেই নিরাপত্তা জোরদার করে ফরাসি কর্তৃপক্ষ। বিক্ষোভ নিয়ন্ত্রণে শুক্রবার দেশজুড়ে ৭০ হাজার পুলিশ ও বিশেষায়িত ইউনিটের সদস্য মোতায়েন করা হয়। এর মধ্যেই রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে জড়ো হন বিক্ষোভকারীরা।

পুলিশের হিসাবে, প্যারিসে বিক্ষোভ মিছিলে অংশ নেন প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ। পতাকা হাতে মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীদের কেউ কেউ ‘রাষ্ট্র, পুলিশ ও ফ্যাসিস্টদের পতন হোক’ বলে স্লোগান দেন।

মার্সেই ও লিওঁ শহরে মুখোশধারী তরুণদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। লিওঁতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। নিস শহরেও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হয়। প্যারিস, মন্টপেলিয়ার, রুয়া ও নিসের মতো শহরের কেন্দ্রস্থলে সভা-সমাবেশ ও মিছিলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।

ওর্লেয়াঁ শহরে কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র‍্যালির (আরএন) বার্ষিক সম্মেলন ঘিরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ১১ হাজার মানুষ অংশ নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কয়েকটি শহরে সংঘর্ষ হলেও প্যারিসের মূল মিছিল মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। গত সপ্তাহের তুলনায় এবার পরিস্থিতি কম গুরুতর ছিল বলে জানিয়েছে আল-জাজিরা। তবে মিছিলের শেষ দিকে কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েজ জানান, গত ১৭ অক্টোবরের বিক্ষোভের তুলনায় এবার ১০ হাজার বেশি পুলিশ ও জেন্ডারমেরি সদস্য মোতায়েন করা হয়েছে। আগের সপ্তাহে বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল। এবার সহিংসতা ঠেকাতে পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নুনিয়েজের দাবি, উগ্র বামপন্থী গোষ্ঠী ও অপরাধী চক্রের তৎপরতায় সহিংসতার ঝুঁকি বেড়েছে।

কঠোর নিরাপত্তাব্যবস্থার প্রভাব পড়ে প্যারিসের স্বাভাবিক জীবনযাত্রায়ও। শনিবার শহরের কেন্দ্রীয় এলাকার ২০টির বেশি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়। লুভর জাদুঘর, মুসে দর্সে ও প্যারিস অপেরাসহ একাধিক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়। আগের সপ্তাহে দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর ব্যবসায়ী সংগঠনগুলোও দোকান বন্ধ রাখার আহ্বান জানিয়েছিল।

প্যারিসে বিক্ষোভ মিছিলের পথ নির্ধারণ নিয়েও বিতর্ক দেখা দেয়। পুলিশের নির্দেশে মিছিলের পথ শহরের কেন্দ্র থেকে সরিয়ে দক্ষিণ-পূর্ব প্রান্তে নেওয়া হয়। পুলিশের যুক্তি, আগের সপ্তাহে যেসব বাণিজ্যিক এলাকায় ভাঙচুর হয়েছিল, সেসব এলাকার কাছ দিয়ে মিছিল গেলে আবারও সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। তবে বামপন্থী রাজনীতিকদের অভিযোগ, শেষ মুহূর্তে মিছিলের পথ পরিবর্তন করায় বিক্ষোভকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এবং তাঁদের শহরের কেন্দ্র থেকে দূরে সরিয়ে দেওয়া হয়।

বিক্ষোভে অংশ নেন বামপন্থী নেতা জ্যঁ-লুক মেলঁশোঁ। বিক্ষোভকারীদের সংযমের প্রশংসা করে তিনি বলেন, ফ্রান্সের সংকট সমাধানে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সরকার কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলন অব্যাহত থাকবে।

তথ্যসূত্র: আল-জাজিরা

সম্পর্কিত খবর

আফ্রিকায় তুরস্কের সামরিক উত্থান: চ্যালেঞ্জের মুখে রাশিয়া-চীনের প্রভাব

উত্তর আফ্রিকা ও সাহেল অঞ্চলে তুরস্কের সামরিক প্রভাব বাড়ছে। রাশিয়া-চীনের প্রতিযোগিতা, পশ্চিম সাহারার উত্তেজনা ও জলদস্যুতার ঝুঁকি আঞ্চলিক নিরাপত্তাকে জটিল করছে।

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের জেরে মেটার কার্যালয়ে ঢুকে যুব কংগ্রেসের বিক্ষোভ-ভাঙচুর

ভারতের হায়দরাবাদে নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালান যুব কংগ্রেস কর্মীরা। ঘটনায় ২০ জন আটক হলেও পরে মুক্তি পান।

চীনের সাথে রেকর্ড বাণিজ্য, তবুও আফ্রিকার ১০০ বিলিয়ন ডলারের ঘাটতি

চীনের সঙ্গে আফ্রিকার বাণিজ্য ৩৪৬.৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও ঘাটতি ছাড়িয়েছে ১০১.৪ বিলিয়ন ডলার। পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক শিল্পায়ন ও প্রযুক্তিগত স্বনির্ভরতায় জোর দিচ্ছে মহাদেশটি।

ভারতের উত্থান ঠেকাতে ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানকে সহায়তা করেছিল চীন: মার্কিন কমিশন

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল চীন—এমন দাবি করেছে মার্কিন কমিশন। এতে ভারতের নিরাপত্তা ও দুই ফ্রন্টে যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।