আন্তর্জাতিক•Nov 22, 2026•3 min read

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৪ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক•আন্তর্জাতিক|আন্তর্জাতিক

গাজা সিটিতে বাস্তুচ্যুতদের খাবার পৌঁছে দেওয়া একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির মধ্যেও হামলা ও মানবিক সংকট অব্যাহত রয়েছে।গাজা সিটিতে বাস্তুচ্যুতদের খাবার পৌঁছে দেওয়া একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শেয়ার করুন:
গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৪ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি হামলা থামেনি। উপত্যকাটিতে খাদ্যসংকট ও দুর্ভিক্ষের মধ্যে বাস্তুচ্যুত মানুষের জন্য খাবার ও পানীয় নিয়ে যাওয়া একটি গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার ও পানীয় বিতরণের কাজে নিয়োজিত ছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র গাড়িটিতে আঘাত হানলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

প্রত্যক্ষদর্শী বাস্তুচ্যুত ফিলিস্তিনি আবু জেইন আল-দায়া জানান, গাড়িটি তাঁবুতে আশ্রয় নেওয়া অসহায় পরিবারগুলোর কাছে খাবার ও পানীয় পৌঁছে দিত। হামলার সময় শিশুদের খাবার দেওয়ার জন্য গাড়িটি থামার প্রস্তুতি নিচ্ছিল।

তিনি বলেন, গাড়িটি দরিদ্র মানুষ, তাঁবুতে বসবাসকারী পরিবার ও বাস্তুচ্যুতদের জন্য খাবার-পানীয় নিয়ে যাচ্ছিল। শিশুদের খাবার দেওয়ার ঠিক আগমুহূর্তে সেটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়। মানুষের মুখে খাবার তুলে দেওয়ার কাজে নিয়োজিত ব্যক্তিরাও এখন হামলার শিকার হচ্ছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে আরেক প্রত্যক্ষদর্শী জানান, গাড়িটির ভেতরে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) লোগোযুক্ত কাগজপত্র ছিল। তবে সংস্থাটি জানিয়েছে, হামলার শিকার গাড়িটি তাদের কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল না।

এদিকে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্ব পাশে অবস্থিত হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। পরে তাঁর মরদেহ গাজা সিটির আল-শিফা হাসপাতালে নেওয়া হয়।

আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি জানান, শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বৈদ্যুতিক সাইকেলে থাকা এক তরুণকেও লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে তিনজন আহত হন। তাঁদের নাসের মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গাজা সিটি থেকে দেওয়া প্রতিবেদনে আল-খলিলি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও সাধারণ ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণ এখনো তাঁদের নিয়মিত আতঙ্কের মধ্যে রেখেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি শুরুর পর থেকে এসব হামলায় ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এর পাশাপাশি শীতের বৃষ্টি ও বন্যায় গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত মানুষের তাঁবু পানিতে তলিয়ে যাচ্ছে। খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের সংকটের মধ্যে নতুন করে বৃষ্টিজনিত দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

সম্পর্কিত খবর

আফ্রিকায় তুরস্কের সামরিক উত্থান: চ্যালেঞ্জের মুখে রাশিয়া-চীনের প্রভাব

উত্তর আফ্রিকা ও সাহেল অঞ্চলে তুরস্কের সামরিক প্রভাব বাড়ছে। রাশিয়া-চীনের প্রতিযোগিতা, পশ্চিম সাহারার উত্তেজনা ও জলদস্যুতার ঝুঁকি আঞ্চলিক নিরাপত্তাকে জটিল করছে।

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের জেরে মেটার কার্যালয়ে ঢুকে যুব কংগ্রেসের বিক্ষোভ-ভাঙচুর

ভারতের হায়দরাবাদে নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালান যুব কংগ্রেস কর্মীরা। ঘটনায় ২০ জন আটক হলেও পরে মুক্তি পান।

চীনের সাথে রেকর্ড বাণিজ্য, তবুও আফ্রিকার ১০০ বিলিয়ন ডলারের ঘাটতি

চীনের সঙ্গে আফ্রিকার বাণিজ্য ৩৪৬.৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও ঘাটতি ছাড়িয়েছে ১০১.৪ বিলিয়ন ডলার। পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক শিল্পায়ন ও প্রযুক্তিগত স্বনির্ভরতায় জোর দিচ্ছে মহাদেশটি।

ভারতের উত্থান ঠেকাতে ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানকে সহায়তা করেছিল চীন: মার্কিন কমিশন

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল চীন—এমন দাবি করেছে মার্কিন কমিশন। এতে ভারতের নিরাপত্তা ও দুই ফ্রন্টে যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।