শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো, জীবনযাত্রার ব্যয় কমানো এবং বাধ্যতামূলক সামরিক সেবা চালুর বিরোধিতায় জার্মানিজুড়ে বিক্ষোভে নেমেছে জেন জি তরুণেরা। শনিবার (৩১ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে আয়োজিত কর্মসূচির মধ্যে ফ্রাঙ্কফুর্টে দোকানপাটে লুটপাট, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জার্মানির আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিত ফ্রাঙ্কফুর্টের কেন্দ্রস্থলে অন্তত দুটি দোকানে লুটপাট চালানো হয়। ভাঙচুর করা হয় আরও কয়েকটি দোকান। বিক্ষোভকারীদের পুলিশের দিকে মোলোটভ ককটেল নিক্ষেপের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ফ্রাঙ্কফুর্ট পুলিশ জানায়, শহরের কেন্দ্রস্থলে সহিংসতা অব্যাহত রয়েছে। কয়েকটি দোকানের জানালা ভাঙচুর করা হয়েছে এবং জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে মোলোটভ ককটেল ছোড়া হচ্ছে। এ অবস্থায় পথচারীদের শহরের কেন্দ্রস্থল এড়িয়ে চলার অথবা ওই এলাকা ছেড়ে যাওয়ার অনুরোধ জানায় পুলিশ।
আয়োজকদের পূর্বাভাস ছিল, বিক্ষোভে প্রায় ১ লাখ ৮২ হাজার মানুষ অংশ নেবেন। তবে পুলিশ জানিয়েছে, ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ ও বার্লিনে সব মিলিয়ে প্রায় ১৮ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। অন্যদিকে, আয়োজকদের ওয়েবসাইটে অংশগ্রহণকারীর সংখ্যা ৩৬ হাজার বলে উল্লেখ করা হয়েছে। হ্যালোইন উৎসবের দিন আয়োজিত কর্মসূচিতে হামবুর্গের কয়েকটি স্থানে ব্যারিকেডে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
বার্লিনের সমাবেশে জেন জি রেজেল্ট সংগঠনের মুখপাত্র লিনা ফ্রিডরিখ বলেন, ‘আমরা আজ এখানে যুদ্ধ ও বাধ্যবাধকতার বদলে শান্তি ও স্বাধীনতার জন্য লড়াই করতে এসেছি।’ আন্দোলনের দাবি তুলে ধরে তিনি আরও বলেন, স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থায় আরও ভালো সহায়তা নিশ্চিত করতে হবে। তাঁরা বাধ্যতামূলক সামরিক সেবার বিরোধী এবং সমাজের বোঝা আরও ন্যায্যভাবে বণ্টনের পক্ষে।
জার্মানির হেসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রোমান পসেক বিক্ষোভে সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ফ্রান্সের সাম্প্রতিক সহিংস বিক্ষোভের উদাহরণ টেনে তিনি বলেন, লুটপাট, বাড়িঘর ও পুলিশের গাড়িতে আগুন এবং কর্মকর্তাদের ওপর হামলার ঘটনাগুলো সবার মনে আছে। এ ধরনের পরিস্থিতিকে কোনোভাবেই আদর্শ হিসেবে দেখা যায় না।
উগ্রপন্থী গোষ্ঠীগুলোর অনুপ্রবেশের আশঙ্কায় বার্লিনের অভিজাত কুরফুরস্টেনডাম শপিং অ্যাভিনিউসহ বিভিন্ন শহরের বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান আগেভাগেই দোকানের সামনের অংশ কাঠের তক্তা দিয়ে ঢেকে রাখে।
মিউনিখের সমাবেশে বক্তব্য দেওয়ার কথা ছিল ১৮ বছর বয়সী শিক্ষার্থী স্টিভ চ্যান্সেলরের। তিনি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সরকারের সমালোচনা করে বলেন, তরুণদের উদ্বেগের জবাবে সরকার ছাঁটাই ও তাঁদের ওপর বাড়তি বোঝা চাপানো ছাড়া কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তরুণদের উপেক্ষা বন্ধ না হওয়া পর্যন্ত তাঁরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
বার্লিন টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থী শন বেকার ক্যাম্পাসের জরাজীর্ণ অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভবন ও শ্রেণিকক্ষের অবস্থা এমন যে সেগুলোকে পরিত্যক্ত ভবন বলে মনে হয়। অথচ সেখানেই শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করতে হচ্ছে।
জার্মানির জাতীয় শিক্ষার্থী সংগঠন বিএসকে এই আন্দোলন থেকে দূরত্ব বজায় রেখেছে। সংগঠনটি আগামী ২০ নভেম্বর পৃথক কর্মসূচির ঘোষণা দিয়েছে।
সার্বিয়া ও ফ্রান্সে জেন জি-নেতৃত্বাধীন সাম্প্রতিক গণবিক্ষোভের পর ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানিতেও তরুণদের অসন্তোষ প্রকাশ্যে এলো।
সূত্র: রয়টার্স
