জাতীয়•Nov 21, 2026•3 min read

তারেক রহমানের ‘দিল্লির ইন্ধন’ অভিযোগে মন্তব্য এড়িয়ে গেল ভারত

স্টাফ রিপোর্টার•রিপোর্টার|জাতীয়

তারেক রহমানের দিল্লির ইন্ধনসংক্রান্ত অভিযোগে সরাসরি মন্তব্য করেনি ভারত। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার অবস্থান জানিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক, শেখ হাসিনার প্রত্যর্পণ ও গঙ্গার পানি চুক্তি নিয়েও নতুন অগ্রগতি এড়িয়ে গেছে নয়াদিল্লি।

শেয়ার করুন:
তারেক রহমানের ‘দিল্লির ইন্ধন’ অভিযোগে মন্তব্য এড়িয়ে গেল ভারত

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না ভারত। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী নয়াদিল্লি। শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সাম্প্রতিক কিছু মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জয়সওয়াল বলেন, এসব বিষয়ে ভারত কোনো মন্তব্য করতে চায় না। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করাই নয়াদিল্লির ধারাবাহিক অবস্থান।

তিনি আরও বলেন, দুই দেশের অভিন্ন ইতিহাস, ত্যাগ ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠেছে। ভারত বাংলাদেশের সঙ্গে সেই সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংসতার পেছনে দিল্লিতে অবস্থানরত ‘পলিটিক্যাল মাস্টারদের’ ইন্ধন রয়েছে বলে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে তাঁর কোনো মন্তব্য নেই।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশ সরকারের অনুরোধের বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না, জানতে চাইলে ভারতের মুখপাত্র বলেন, এ বিষয়ে তাঁর কাছে নতুন কোনো তথ্য নেই। এ বিষয়ে আগের প্রেস ব্রিফিংয়ে দেওয়া বক্তব্য দেখার পরামর্শ দেন তিনি।

ব্রিফিংয়ে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়েও প্রশ্ন করা হয়। আগামী ১২ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন কিংবা দুই দেশের আলোচনার অগ্রগতি সম্পর্কে জয়সওয়াল নতুন কোনো তথ্য দেননি।

তিনি বলেন, গঙ্গাসহ আন্তসীমান্ত নদীর পানিসংক্রান্ত বিষয় আলোচনার জন্য ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন একটি প্রতিষ্ঠিত কাঠামো। এ বিষয়ে আগের ব্রিফিংগুলোতে দেওয়া বক্তব্যের বাইরে নতুন কিছু যোগ করার নেই।

সম্পর্কিত খবর

আফ্রিকায় তুরস্কের সামরিক উত্থান: চ্যালেঞ্জের মুখে রাশিয়া-চীনের প্রভাব

উত্তর আফ্রিকা ও সাহেল অঞ্চলে তুরস্কের সামরিক প্রভাব বাড়ছে। রাশিয়া-চীনের প্রতিযোগিতা, পশ্চিম সাহারার উত্তেজনা ও জলদস্যুতার ঝুঁকি আঞ্চলিক নিরাপত্তাকে জটিল করছে।

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের জেরে মেটার কার্যালয়ে ঢুকে যুব কংগ্রেসের বিক্ষোভ-ভাঙচুর

ভারতের হায়দরাবাদে নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালান যুব কংগ্রেস কর্মীরা। ঘটনায় ২০ জন আটক হলেও পরে মুক্তি পান।

চীনের সাথে রেকর্ড বাণিজ্য, তবুও আফ্রিকার ১০০ বিলিয়ন ডলারের ঘাটতি

চীনের সঙ্গে আফ্রিকার বাণিজ্য ৩৪৬.৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও ঘাটতি ছাড়িয়েছে ১০১.৪ বিলিয়ন ডলার। পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক শিল্পায়ন ও প্রযুক্তিগত স্বনির্ভরতায় জোর দিচ্ছে মহাদেশটি।

ভারতের উত্থান ঠেকাতে ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানকে সহায়তা করেছিল চীন: মার্কিন কমিশন

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল চীন—এমন দাবি করেছে মার্কিন কমিশন। এতে ভারতের নিরাপত্তা ও দুই ফ্রন্টে যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।