বাংলাদেশের পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন ও সামগ্রিক পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশে সাম্প্রতিক কিছু ঘটনা ঘটেছে এবং ভারত সেসব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন জয়সওয়াল। এ সময় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশের সঙ্গে চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান যোগাযোগের প্রেক্ষাপটে ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। এটি নয়াদিল্লির প্রত্যাশা এবং এ লক্ষ্য অর্জনে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে জয়সওয়াল বলেন, ‘আমরা ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি। এখন দেখা যাক।’
এ ছাড়া ট্রানজিট ও গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল আন্তঃসীমান্ত নদীর পানি নিয়ে আলোচনার কাঠামোগত ব্যবস্থা হিসেবে যৌথ নদী কমিশনের কথা উল্লেখ করেন। গঙ্গাসহ দুই দেশের সব আন্তঃসীমান্ত নদীর পানি নিয়ে আলোচনার জন্য এটিই কাঠামোগত ব্যবস্থা বলে জানান তিনি। তবে এ বিষয়ে নতুন কোনো তথ্য তাঁর কাছে নেই বলেও উল্লেখ করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
