ঢাকা, ৬ নভেম্বর ২০২৬:
বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় বেসরকারি কনটেইনার ট্রেন পরিচালনার অনুমতি চেয়েছে ভারত। পাশাপাশি তিনটি আন্তসীমান্ত রেলপথে ২৪ ঘণ্টা পণ্যবাহী ট্রেন চলাচলের প্রস্তাব দিয়েছে দেশটি।ঢাকায় অনুষ্ঠিত ৩৮তম আন্তসরকার রেলওয়ে বৈঠকের কার্যবিবরণীতে ভারতের এসব প্রস্তাব উঠে এসেছে। প্রস্তাবিত তিনটি রেলপথ হলো দর্শনা–গেদে, বেনাপোল–পেট্রাপোল এবং রহনপুর–সিংহাবাদ।
ভারতের প্রস্তাবের জবাবে বাংলাদেশ জানিয়েছে, ভারতীয় বেসরকারি ট্রেন অপারেটরদের বাংলাদেশের অভ্যন্তরে চলাচলের অনুমতি দেওয়া হলে এ-সংক্রান্ত সব ধরনের দায়ভার ভারতীয় রেলওয়েকে বহন করতে হবে। দুর্ঘটনা, ক্ষয়ক্ষতি কিংবা পরিচালনাগত জটিলতার ক্ষেত্রেও ভারতীয় রেলওয়ের পূর্ণ দায়িত্ব নিশ্চিত করতে চায় ঢাকা।
এ ছাড়া বাংলাদেশের রেললাইন, সেতু, ইঞ্জিন ও জনবলের সীমাবদ্ধতার বিষয়টিও বৈঠকে তুলে ধরা হয়েছে। ফলে ২৪ ঘণ্টা ট্রেন চলাচল এবং অতিরিক্ত ওয়াগন পরিচালনার ক্ষেত্রে অবকাঠামোগত সক্ষমতা বিবেচনার প্রয়োজনীয়তা জানিয়েছে বাংলাদেশ।
বিশ্লেষকদের মতে, প্রস্তাবটি বাস্তবায়িত হলে বাংলাদেশ–ভারত রেলবাণিজ্য সম্প্রসারিত হতে পারে। তবে বাংলাদেশের রেলপথের ওপর বিদেশি প্রতিষ্ঠানের পরিচালনাগত অংশগ্রহণ, জাতীয় নিরাপত্তা, দেশীয় পরিবহন ব্যবসা এবং অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
সূত্র: ৩৮তম আন্তসরকার রেলওয়ে বৈঠকের কার্যবিবরণীসংক্রান্ত প্রতিবেদন।
