যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ইরান। তেহরান এই নির্বাচনী ফলকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধনীতির বিরুদ্ধে মার্কিন জনগণের অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সংঘাত বাড়ানোর পরিকল্পনা বিবেচনা করছে ইরান। এর মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজের ওপর হামলা জোরদার করার বিষয়টিও রয়েছে।
ইরানি কর্মকর্তাদের ধারণা, হরমুজ প্রণালি বন্ধ রেখে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত করা এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে চাপ সৃষ্টি করার কৌশল নির্বাচনে প্রভাব ফেলেছে। জ্বালানির উচ্চমূল্যসহ যুদ্ধের অর্থনৈতিক প্রভাব মার্কিন ভোটারদের অসন্তোষ বাড়িয়েছে বলে মনে করছে তেহরান।
এ কারণে ওয়াশিংটনকে আলোচনায় ফেরাতে অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর পথ বেছে নিতে পারে ইরান। বিশেষ করে হরমুজ প্রণালিকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টির কৌশল অব্যাহত রাখার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তবে এই কৌশল সংঘাত আরও বাড়িয়ে দিতে পারে এবং বিশ্ববাজারে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বাড়ার ঝুঁকি তৈরি করতে পারে।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস
