ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরান আগ্রহী বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের পক্ষ থেকে এখনো এমন কোনো প্রস্তাব আসেনি, যা ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য বলে মনে করেন তিনি।
দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প।
তিনি বলেন, ‘ইরান চুক্তি করতে চায়। কিন্তু তারা এমন কোনো চুক্তিতে রাজি নয়, যা আমার কাছে গ্রহণযোগ্য।’ ট্রাম্প আরও বলেন, ‘আমরা প্রকৃত চুক্তি চাই, কোনো ভুয়া চুক্তি নয়।’ এ সময় ইরানের বিরুদ্ধে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করার অভিযোগও তোলেন তিনি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরানের কয়েকটি সুনির্দিষ্ট শর্ত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এসব শর্তের মধ্যে অন্যতম হলো, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে নেওয়া যাবে না।
তবে আলোচনার মাধ্যমে একটি ন্যায়সংগত সমাধানে পৌঁছানো সম্ভব বলে মনে করেন আরাগচি। তিনি বলেন, ইরান এমন একটি চুক্তি চায়, যা ভবিষ্যতে নতুন করে যুদ্ধের আশঙ্কা দূর করবে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সেই লক্ষ্য অর্জনের আশা এখনো রয়েছে তেহরানের।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আলোচনায় এগিয়ে যাওয়ার আগে যুক্তরাষ্ট্র যে সত্যিকার অর্থেই সমঝোতায় আগ্রহী, সে বিষয়ে নিশ্চয়তা চায় ইরান। এ লক্ষ্যে মধ্যস্থতাকারীদের সঙ্গে আস্থার পরিবেশ তৈরির বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে।
ট্রাম্প ও আরাগচির বক্তব্যে দুই দেশের অবস্থানের পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। এদিকে, কূটনৈতিক তৎপরতার পাশাপাশি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে সামরিক হামলার আশঙ্কাও বাড়ছে। প্রায় নয় মাস ধরে চলা সংঘাতের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব সামলাতে গিয়ে চাপে রয়েছেন ট্রাম্প। নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে কি না, তা নিয়েও ভাবছে ওয়াশিংটন।
