আন্তর্জাতিক•Nov 21, 2026•3 min read

গাজায় হামাসবিরোধী সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বাড়াচ্ছে ইসরায়েল, বাড়ছে বিশৃঙ্খলা

আন্তর্জাতিক ডেস্ক•আন্তর্জাতিক|আন্তর্জাতিক

গাজায় হামাসবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বাড়ছে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েলি সামরিক অভিযান, বাস্তুচ্যুতি ও এসব গোষ্ঠীর ভূমিকা নিয়ে নতুন করে নিরাপত্তা ও মানবিক সংকটের উদ্বেগ তৈরি হয়েছে।

শেয়ার করুন:
গাজায় হামাসবিরোধী সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বাড়াচ্ছে ইসরায়েল, বাড়ছে বিশৃঙ্খলা

গাজায় হামাসবিরোধী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বাড়ছে। এসব গোষ্ঠীকে অর্থ, অস্ত্র ও সামরিক সহায়তা দিয়ে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে ইসরায়েল। সম্প্রতি মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনি নারীদের একটি আশ্রয়কেন্দ্রে সশস্ত্র ব্যক্তিদের হানা এবং এর কয়েক ঘণ্টা পর ওই এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর স্থল অভিযান নতুন করে এ নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার গভীর রাতে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তর প্রান্তে আদ-দাওয়া সড়কের একটি বাড়ির সামনে একদল সশস্ত্র ব্যক্তি অবস্থান নেয়। বাড়িটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনি নারীরা আশ্রয় নিয়েছিলেন। হামলাকারীদের কারও গায়ে সামরিক পোশাক বা কোনো পরিচয়চিহ্ন ছিল না। স্থানীয়দের ধারণা, তারা ইসরায়েল-সমর্থিত স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সদস্য।

সশস্ত্র ব্যক্তিরা বাড়িটি ঘিরে ফেলে নারীদের বাইরে বের করে আনে। পরে টর্চের আলোয় তাদের কাছে এক ব্যক্তির খোঁজ জানতে চায়। উত্তর দিতে অস্বীকৃতি জানালে হুমকি দেওয়া হয় এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। তবে কাউকে আটক না করেই কয়েক মিনিট পর তারা চলে যায়।

এর কয়েক ঘণ্টা পর বুধবার নুসেইরাত ও বুরেইজ শরণার্থী শিবিরের কাছে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পর ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকা চিহ্নিত করতে নির্ধারিত তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর পশ্চিমে এ অভিযান চালানো হয়।

এ সময় গাজার উত্তর-দক্ষিণ সংযোগকারী প্রধান সড়ক সালাহ আল-দিন সড়ক বন্ধ করে দেওয়া হয়। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, এতে প্রায় ৬ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, তাদের সেনাদের জন্য হুমকি তৈরি করা একটি সুড়ঙ্গ লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার অভিযান শেষ হওয়ার কথা জানায় তারা। তবে ওই এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত একজন ফিলিস্তিনি নিহত হন।

ঘটনাগুলোর ধারাবাহিকতা গাজায় ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সমন্বয়ের মাত্রা নিয়ে প্রশ্ন তুলেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এসব গোষ্ঠীর তৎপরতা আরও বিস্তৃত হয়েছে।

গাজার এক ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে জানান, চলতি সপ্তাহে মধ্য গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর অংশগ্রহণের তথ্য নথিভুক্ত করেছে নিরাপত্তা কর্তৃপক্ষ। এসব গোষ্ঠীর সদস্যরা সাধারণ মানুষকে আতঙ্কিত করা এবং পরিবারগুলোকে বাড়িঘর ও আশ্রয়কেন্দ্র ছাড়তে চাপ দেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িত ছিল।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইসরায়েলি সেনাদের সামরিক অভিযানের আড়াল এবং সালাহ আল-দিন সড়ক বন্ধ থাকার সুযোগ নিয়ে গোষ্ঠীগুলো নিজেদের কার্যক্রম চালিয়েছে। এতে মানবিক সহায়তা কার্যক্রমও বাধাগ্রস্ত হয়েছে। তাঁর অভিযোগ, বিশৃঙ্খলা তৈরি এবং ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ ঐক্য দুর্বল করতে ইসরায়েল এসব গোষ্ঠীকে অর্থ ও অস্ত্র সরবরাহ করছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বছর প্রকাশ্যেই হামাসবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার কথা স্বীকার করেছিলেন। এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, এতে ইসরায়েলি সেনাদের জীবন রক্ষা পেয়েছে।

ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক ইয়াদ আল-কারা আল জাজিরাকে বলেন, দক্ষিণ গাজার রাফাহ ও খান ইউনিস থেকে এসব গোষ্ঠীর তৎপরতা এখন মধ্য গাজা ও গাজা সিটি পর্যন্ত বিস্তৃত হয়েছে। তাঁর অভিযোগ, গোষ্ঠীগুলো ফিলিস্তিনিদের অপহরণ এবং বিভিন্ন ফিলিস্তিনি রাজনৈতিক সংগঠনের সদস্যদের হত্যাচেষ্টায় জড়িত। এসব কর্মকাণ্ডে তারা ইসরায়েলের আকাশপথের সুরক্ষা ও সামরিক সহায়তা পেয়ে থাকে।

আল-কারার মতে, ইসরায়েলি বাহিনীর ভবন ধ্বংস এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার ফলে এসব গোষ্ঠীর জন্য নতুন এলাকায় কার্যক্রম চালানো সহজ হয়েছে। তাঁর অভিযোগ, ইসরায়েলি সেনারা সরাসরি অভিযানে যাওয়ার আগে এসব যোদ্ধাকে সম্মুখসারিতে ব্যবহার করে। স্থানীয় সামাজিক ও পারিবারিক যোগাযোগের নেটওয়ার্ক কাজে লাগিয়ে তারা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং ইসরায়েলি সামরিক বাহিনীর কাছ থেকেও তথ্য পায়।

যুদ্ধের সময় এসব গোষ্ঠীর উত্থান ঘটে। শুরুতে তাদের বিরুদ্ধে ত্রাণসামগ্রী লুটের অভিযোগ থাকলেও পরে ইসরায়েলের অর্থায়ন, অস্ত্র সরবরাহ এবং সামরিক ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাদের ভূমিকা বিস্তৃত হয়। বিভিন্ন প্রকাশিত হিসাব অনুযায়ী, গাজায় এ ধরনের প্রায় পাঁচটি প্রধান গোষ্ঠী রয়েছে, যাদের সদস্যসংখ্যা কয়েকশ।

এসব গোষ্ঠীর মধ্যে রয়েছে রাফাহর ‘পপুলার ফোর্সেস’, খান ইউনিসের পূর্বাঞ্চলে হুসাম আল-আস্তালের নেতৃত্বাধীন গোষ্ঠী এবং মধ্য গাজায় শাওকি আবু নুসেইরার নেতৃত্বাধীন বাহিনী। এ ছাড়া গাজা সিটির পূর্বাঞ্চলে রামি হেলেস এবং উত্তর গাজায় আশরাফ আল-মানসির নেতৃত্বাধীন গোষ্ঠীও সক্রিয় রয়েছে।

ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক ওয়েসাম

সম্পর্কিত খবর

আফ্রিকায় তুরস্কের সামরিক উত্থান: চ্যালেঞ্জের মুখে রাশিয়া-চীনের প্রভাব

উত্তর আফ্রিকা ও সাহেল অঞ্চলে তুরস্কের সামরিক প্রভাব বাড়ছে। রাশিয়া-চীনের প্রতিযোগিতা, পশ্চিম সাহারার উত্তেজনা ও জলদস্যুতার ঝুঁকি আঞ্চলিক নিরাপত্তাকে জটিল করছে।

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের জেরে মেটার কার্যালয়ে ঢুকে যুব কংগ্রেসের বিক্ষোভ-ভাঙচুর

ভারতের হায়দরাবাদে নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালান যুব কংগ্রেস কর্মীরা। ঘটনায় ২০ জন আটক হলেও পরে মুক্তি পান।

চীনের সাথে রেকর্ড বাণিজ্য, তবুও আফ্রিকার ১০০ বিলিয়ন ডলারের ঘাটতি

চীনের সঙ্গে আফ্রিকার বাণিজ্য ৩৪৬.৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও ঘাটতি ছাড়িয়েছে ১০১.৪ বিলিয়ন ডলার। পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক শিল্পায়ন ও প্রযুক্তিগত স্বনির্ভরতায় জোর দিচ্ছে মহাদেশটি।

ভারতের উত্থান ঠেকাতে ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানকে সহায়তা করেছিল চীন: মার্কিন কমিশন

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল চীন—এমন দাবি করেছে মার্কিন কমিশন। এতে ভারতের নিরাপত্তা ও দুই ফ্রন্টে যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।