জাতীয়•Oct 28, 2026•2 min read

ঢাকার মেট্রোরেল প্রকল্পে ৫ হাজার কোটি রুপির কাজ পেল ভারতীয় এলঅ্যান্ডটি

স্টাফ রিপোর্টার•রিপোর্টার|জাতীয়

ঢাকার মেট্রোরেল লাইন-১ প্রকল্পের দুটি প্যাকেজের নকশা ও নির্মাণকাজ পেয়েছে ভারতের এলঅ্যান্ডটি। চুক্তি দুটির সম্মিলিত মূল্য ৫ হাজার কোটি রুপির বেশি।

শেয়ার করুন:
ঢাকার মেট্রোরেল প্রকল্পে ৫ হাজার কোটি রুপির কাজ পেল ভারতীয় এলঅ্যান্ডটি

ঢাকায় মেট্রোরেল লাইন-১ প্রকল্পের দুটি গুরুত্বপূর্ণ প্যাকেজের নকশা ও নির্মাণকাজের চুক্তি পেয়েছে ভারতের অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)। চুক্তির আওতায় রেললাইন স্থাপন, বিদ্যুৎ সরবরাহ, সংকেতব্যবস্থা, টেলিযোগাযোগ ও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর স্থাপনের কাজ করবে প্রতিষ্ঠানটি। ভারতীয় মুদ্রায় চুক্তি দুটির সম্মিলিত মূল্য ৫ হাজার কোটি রুপির বেশি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল প্রকল্পে এ চুক্তিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। জাপানের অর্থায়নে বাস্তবায়নাধীন ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের (মেট্রোরেল লাইন-১) আওতায় কাজ দুটি দেওয়া হয়েছে।

ঢাকায় তিনটি মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি টাকা। রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহনব্যবস্থা গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে মেট্রোরেল প্রকল্পগুলো নেওয়া হয়েছে।

এলঅ্যান্ডটির পাওয়া চুক্তি দুটি হলো—কন্ট্রাক্ট প্যাকেজ সিপি০৯ ও সিপি১০। সিপি০৯ প্যাকেজের আওতায় রেললাইন স্থাপন এবং বিদ্যুৎ সরবরাহ ও বিতরণব্যবস্থার কাজ হবে। অন্যদিকে, সিপি১০ প্যাকেজে থাকবে সংকেতব্যবস্থা, টেলিযোগাযোগ ও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর স্থাপন।

এলঅ্যান্ডটি জানিয়েছে, সিপি০৯ প্যাকেজের আওতায় জাপানি অংশীদার সুমিতোমো করপোরেশনের সঙ্গে যৌথভাবে পুরো রুটে রেললাইন স্থাপন, ট্র্যাকশন সাবস্টেশন, ওভারহেড ক্যাটেনারি ব্যবস্থা এবং সংশ্লিষ্ট বৈদ্যুতিক অবকাঠামোর নকশা, সরঞ্জাম সংগ্রহ, স্থাপন, পরীক্ষা ও চালুর কাজ করবে প্রতিষ্ঠানটি। সিপি১০ প্যাকেজের আওতায় পুরো নেটওয়ার্কে সংকেতব্যবস্থা, টেলিযোগাযোগ ও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর স্থাপন করা হবে।

এর আগে বাংলাদেশের প্রথম চালু হওয়া মেট্রোরেল করিডর লাইন-৬-এর সমন্বিত রেলব্যবস্থা স্থাপনের কাজও পেয়েছিল এলঅ্যান্ডটি। প্রতিষ্ঠানটি ওই কাজ সম্পন্ন করেছে। বর্তমানে লাইন-৬ বাণিজ্যিকভাবে চালু রয়েছে।

এলঅ্যান্ডটির পরিবহন অবকাঠামো বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান রামকুমার এস বলেন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কাছ থেকে নতুন করে কাজের চুক্তি পাওয়া বৃহৎ ও সমন্বিত নগর পরিবহন প্রকল্প বাস্তবায়নে প্রতিষ্ঠানটির সক্ষমতার প্রতিফলন।

তিনি আরও বলেন, ঢাকা মেট্রোরেল লাইন-৬-এর বৈদ্যুতিক ও যান্ত্রিক ব্যবস্থা নির্ধারিত সময়ে এবং মান বজায় রেখে বাস্তবায়নের অভিজ্ঞতা রয়েছে তাঁদের। জাকার্তা মেট্রোরেল প্রকল্পেও কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্মাতা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নতুন প্রকল্পের বিভিন্ন ব্যবস্থা একীভূত করা হবে।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে বাস্তবায়নাধীন মেট্রোরেল লাইন-১-এর দৈর্ঘ্য প্রায় ৩১ কিলোমিটার। প্রকল্পটির দুটি রুট রয়েছে। এর একটি কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বিমানবন্দর রুট, অন্যটি নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত পূর্বাচল রুট। প্রকল্পে ১৯টি স্টেশন এবং পিতলগঞ্জে একটি ডিপো নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এদিকে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকের পর টোকিওতে দেওয়া এক যৌথ বক্তব্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানি বিনিয়োগকারী, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খুঁজে দেখার আহ্বান জানিয়েছেন। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী ধাপে অংশীদার হতেও তাঁদের প্রতি আহ্বান জানান তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এলঅ্যান্ডটি বলেছে, চুক্তির আওতাধীন দুটি প্যাকেজ সম্মিলিতভাবে মেট্রোরেল লাইন-১-এর মূল পরিচালনব্যবস্থা গড়ে তুলবে। এর মাধ্যমে ঢাকাবাসীর জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও আধুনিক নগর পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

প্রকৌশল, ক্রয় ও নির্মাণ (ইপিসি) খাতে ভারতের অন্যতম বড় প্রতিষ্ঠান এলঅ্যান্ডটি দেশটির পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রেল অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত খবর

আফ্রিকায় তুরস্কের সামরিক উত্থান: চ্যালেঞ্জের মুখে রাশিয়া-চীনের প্রভাব

উত্তর আফ্রিকা ও সাহেল অঞ্চলে তুরস্কের সামরিক প্রভাব বাড়ছে। রাশিয়া-চীনের প্রতিযোগিতা, পশ্চিম সাহারার উত্তেজনা ও জলদস্যুতার ঝুঁকি আঞ্চলিক নিরাপত্তাকে জটিল করছে।

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের জেরে মেটার কার্যালয়ে ঢুকে যুব কংগ্রেসের বিক্ষোভ-ভাঙচুর

ভারতের হায়দরাবাদে নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালান যুব কংগ্রেস কর্মীরা। ঘটনায় ২০ জন আটক হলেও পরে মুক্তি পান।

চীনের সাথে রেকর্ড বাণিজ্য, তবুও আফ্রিকার ১০০ বিলিয়ন ডলারের ঘাটতি

চীনের সঙ্গে আফ্রিকার বাণিজ্য ৩৪৬.৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও ঘাটতি ছাড়িয়েছে ১০১.৪ বিলিয়ন ডলার। পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক শিল্পায়ন ও প্রযুক্তিগত স্বনির্ভরতায় জোর দিচ্ছে মহাদেশটি।

ভারতের উত্থান ঠেকাতে ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানকে সহায়তা করেছিল চীন: মার্কিন কমিশন

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল চীন—এমন দাবি করেছে মার্কিন কমিশন। এতে ভারতের নিরাপত্তা ও দুই ফ্রন্টে যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।