১৩ নভেম্বর ২০২৬
পাকিস্তানের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, বিশ্ববরেণ্য ফকিহ ও মুহাদ্দিস শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানী সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ২২ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তাঁর এই সফরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্মীয় সম্মেলন, উলামা সমাবেশ ও ইসলামি শিক্ষামূলক আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রকাশিত চূড়ান্ত সফরসূচি অনুযায়ী, সফরের সবচেয়ে আলোচিত আয়োজনগুলোর একটি হচ্ছে আগামী ২৭ নভেম্বর শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তাঁর জুমার খুতবা ও বয়ান। এদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত তিনি মুসল্লিদের উদ্দেশে বক্তব্য পেশ করবেন। একই দিন এশার পর কেরানীগঞ্জের জামিয়া হাকিমুল উম্মতে একটি ইসলাহী সম্মেলনেও অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, ২২ নভেম্বর ঢাকায় পৌঁছে শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের ১৫তম দস্তারবন্দী ও আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে অংশ নেবেন তিনি। ২৩ নভেম্বর জামিয়া আরাবিয়া ফরিদাবাদের ৭০তম দস্তারবন্দী সম্মেলন, ২৪ নভেম্বর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দারুল উলুম হাটহাজারী মাদরাসা এবং ২৫ নভেম্বর সিলেটের আলিয়া মাঠে উলামা সম্মেলনে যোগ দেবেন। এ ছাড়া ২৬ নভেম্বর বেফাক ও আল-হাইআতুল উলয়ার যৌথ আয়োজনে উলামা সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরের শেষ দিন ২৮ নভেম্বর ঢাকার জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে দরসে বুখারি প্রদানের মধ্য দিয়ে তাঁর বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে। সফরের চূড়ান্ত কর্মসূচি মুফতি মিজানুর রহমান সাঈদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, মুফতি তাকী উসমানী সমকালীন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামি আইনজ্ঞ ও ইসলামি অর্থনীতিবিদ। পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি হাদিস, ফিকহ ও ইসলামি অর্থনীতি বিষয়ে তাঁর ব্যাপক গবেষণা ও লেখালেখি রয়েছে।
