রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে ‘অন্যায্য’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। দেশটির ঘনিষ্ঠ মিত্র চীনও এই রায়ের সমালোচনা করে আন্তর্জাতিক বিচারব্যবস্থার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে।
বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে এক যুগান্তকারী রায়ে জানায়, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অপরাধে রাষ্ট্র হিসেবে মিয়ানমার দায়ী। একই সঙ্গে ক্ষতিপূরণ এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়েও নির্দেশনা দেয় আদালত। আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করা হলো।
রায়ের পরপরই মিয়ানমার সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তকে অবিচার ও অন্যায্য বলে দাবি করা হয়। দেশটির মুখপাত্র খাং খাং সোয়ে রায়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, আদালতের সিদ্ধান্ত সর্বসম্মত ছিল না। এ ছাড়া মামলা দায়েরকারী দেশ গাম্বিয়ার সঙ্গে মিয়ানমারের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। উল্লেখ্য, ২০১৯ সালে ১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা সনদের আওতায় মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করেছিল গাম্বিয়া।
এদিকে শুক্রবার চীনও এই রায় নিয়ে আন্তর্জাতিক বিচারিক ব্যবস্থার ভূমিকা ও এখতিয়ার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে। বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রের সম্মতির নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং এখতিয়ারের অপব্যবহার এড়াতে হবে। পাশাপাশি বিচারিক প্রক্রিয়াকে রাজনৈতিকীকরণ কিংবা দ্বিমুখী মানদণ্ডে ফেলা উচিত নয়।
চীনের দাবি, এ ধরনের রায় সংকট সমাধানে সহায়ক নয়; বরং পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তবে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সংলাপ ও গঠনমূলক ভূমিকা পালনের কথাও জানিয়েছে বেইজিং।
আইসিজের রায় চূড়ান্ত এবং আইনগতভাবে বাধ্যতামূলক হলেও তা বাস্তবায়নের জন্য আদালতের নিজস্ব কোনো বাহিনী বা সরাসরি কার্যকর ক্ষমতা নেই। মিয়ানমার রায় না মানলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গড়াতে পারে। সেখানে চীন ও রাশিয়ার ভেটো ক্ষমতা ব্যবহারের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকেরা।
অন্যদিকে, কক্সবাজারের শরণার্থী শিবিরে অবস্থানরত লাখ লাখ রোহিঙ্গা এই রায়কে ঐতিহাসিক স্বীকৃতি হিসেবে দেখছেন। তবে নাগরিকত্ব, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরার বিষয়ে বাস্তব অগ্রগতির অপেক্ষায় রয়েছেন তাঁরা।
সূত্র: আল জাজিরা
