গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকেই বিরোধীদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছেন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে নির্বাচনের ফলাফলের বৈধতা নিয়েও প্রশ্ন তুলছেন তিনি। দীর্ঘদিন ইসরায়েলের নেতৃত্ব দেওয়া নেতানিয়াহুর ক্ষমতা ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে দেশটির বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট নতুন সরকার গঠন করতে পারবেন কি না, তার ওপরই নির্ভর করছে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ।
নতুন সরকার গঠনে বিরোধীদের ইসরায়েলের আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন প্রয়োজন হতে পারে। এমন পরিস্থিতিতে আরব দলগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন নেতানিয়াহু। কোনো প্রমাণ ছাড়াই নির্বাচনে কারচুপির অভিযোগও তুলেছেন তিনি।
এদিকে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ডেভিড জিনির নেতৃত্বাধীন অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ‘শিন বেত’ বিদেশি হস্তক্ষেপের সন্দেহে পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছে। এমনকি নির্বাচনের দিন ইসরায়েলের আরব বংশোদ্ভূত কয়েকজন রাজনীতিককে গ্রেপ্তারের অনুরোধও করেছিল সংস্থাটি। তবে অ্যাটর্নি জেনারেল সেই অনুরোধ নাকচ করে দেন।
বিরোধী শিবিরের নেতা ইয়ার লাপিদ এবং আরব জোট ‘জয়েন্ট লিস্ট’-এর প্রধান ইউসেফ জাবারিন এসব পদক্ষেপকে ‘অভ্যুত্থানের চেষ্টা’ বলে অভিহিত করেছেন। এ ছাড়া নির্বাচনের আগে ভোট কেনাবেচার অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাজানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
প্রধানমন্ত্রিত্ব হারালে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের পাশাপাশি ব্যক্তিস্বাধীনতাও বড় ঝুঁকিতে পড়তে পারে। ২০১৯ সাল থেকে তিনটি পৃথক মামলায় ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে বিচারাধীন তিনি। ২০২০ সালের মে মাসে শুরু হওয়া বিচারকাজ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে বারবার পিছিয়েছে। এসব মামলায় দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
এর পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে নেতানিয়াহু ও তাঁর সরকারের ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবিও জোরালো হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্ভাব্য হামলার বিষয়ে মিসর ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যেষ্ঠ কর্মকর্তারা নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছিলেন। গত সপ্তাহে পার্লামেন্টের নতুন অধিবেশনের আইন প্রণয়নের তালিকাতেও বিষয়টি গুরুত্ব পেয়েছে।
এদিকে ইসরায়েলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সহিংসতার আশঙ্কা বাড়ছে। নির্বাচনের পর ডানপন্থী বিক্ষোভকারীরা গাদি আইজেনকটের বাড়ির সামনে জড়ো হয়ে আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন না করার জন্য তাঁকে সতর্ক করেন। এ সময় তাঁকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে স্লোগানও দেন তাঁরা।
অন্যদিকে, হাইফার ইহুদি ধর্মীয় আদালতের সাবেক প্রধান রাব্বি গেদালিয়া অ্যাক্সেলরডের একটি চিঠি প্রকাশ্যে এসেছে। সেখানে ‘দিন রোদেফ’ বা ‘ধাওয়া করার আইন’ নামের ধর্মীয় বিধানের উল্লেখ রয়েছে। ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইৎজাক রবিনকে হত্যার পক্ষে যুক্তি হিসেবে একই বিধান ব্যবহার করেছিলেন ঘাতক ইয়িগাল আমির। ফলে চিঠিটি ইসরায়েলের রাজনৈতিক সহিংসতার আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।
বামপন্থী হাদাশ পার্টির সংসদ সদস্য ওফের কাসিফ আশঙ্কা প্রকাশ করে বলেন, সরকার গঠনে যত দেরি হবে, রাজনৈতিক সহিংসতার ঝুঁকি তত বাড়বে। ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু যেকোনো কিছু করতে পারেন। ডানপন্থীদের মধ্যে গৃহযুদ্ধের আশঙ্কা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
লন্ডনের কিংস কলেজের বিশ্লেষক আহরন ব্রেগম্যান বলেন, নেতানিয়াহু এখন আহত পশুর মতো আচরণ করছেন। কারণ, নির্বাচনে পরাজয়ের অর্থ তাঁর সুরক্ষাকবচ হারানো এবং কারাগারে যাওয়ার ঝুঁকিতে পড়া।
চ্যাথাম হাউসের জ্যেষ্ঠ পরামর্শক ফেলো ইয়োসি মেকেলবার্গের মতে, নিজের ক্ষমতা টিকিয়ে রাখতেই লড়ছেন নেতানিয়াহু। এতে তাঁর সহযোগীরা বিপদে পড়লেও তিনি পরোয়া করছেন না। তবে নির্বাচনের আগের রাতে পুলিশকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তাঁর সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত হতে পারে। অন্যদিকে, শিন বেতের প্রধান ডেভিড জিনি গণতান্ত্রিক প্রক্রিয়া বানচালের চেষ্টায় যুক্ত থাকলে তাঁর পদ এবং সংস্থাটির স্বাধীনতাও ঝুঁকির মুখে পড়তে পারে।
