জাতীয়•Nov 13, 2026•3 min read

তৃতীয় কোন দেশ নিতে চায়না খুনি হাসিনাকে, বাংলাদেশে ফেরাতে তৎপর দিল্লি

স্টাফ রিপোর্টার•রিপোর্টার|জাতীয়

শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে ভারতের নতুন অবস্থানের কথা জানিয়েছে বিবিসি। দেশে ফেরার ক্ষেত্রে সেনাবাহিনীর মাধ্যমে হস্তান্তর ও বিচারিক নিশ্চয়তাসহ দুটি শর্তের বিষয় সামনে এসেছে।

শেয়ার করুন:
তৃতীয় কোন দেশ নিতে চায়না খুনি হাসিনাকে, বাংলাদেশে ফেরাতে তৎপর দিল্লি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা সফল না হওয়ায় এবার বাংলাদেশে তার প্রত্যাবর্তনকেই বাস্তবসম্মত বিকল্প হিসেবে দেখছে দিল্লি। তবে এ ক্ষেত্রে বাংলাদেশের কাছে দুটি শর্ত পূরণের নিশ্চয়তা চাইছে ভারত।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পেছনে ভারতের প্রচ্ছন্ন সম্মতি রয়েছে। দিল্লির সঙ্গে সমঝোতার ভিত্তিতেই তিনি দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। এর মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। অন্যদিকে, রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। যদিও ফেরার নির্দিষ্ট তারিখ জানাননি তিনি।

তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ দিল্লির
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার দীর্ঘদিন ভারতে অবস্থান বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দিল্লির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার আলোচনা করেছে ভারত। কিন্তু নানা কারণে সেই উদ্যোগ সফল হয়নি।
এখন দিল্লির নীতিনির্ধারকদের একটি অংশ মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে গিয়ে বিচারের মুখোমুখি হওয়াই সবচেয়ে বাস্তবসম্মত সমাধান। একই সঙ্গে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবার সক্রিয় অবস্থানে দেখতে হলে শেখ হাসিনার দেশে ফেরা গুরুত্বপূর্ণ বলেও মনে করছে ভারত।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে আশ্রয় নেওয়া বিদেশি অতিথিদের সঙ্গে দেশটির সরকার নিয়মিত যোগাযোগ ও পরিস্থিতি পর্যালোচনা করে। শেখ হাসিনার সঙ্গেও এমন আলোচনায় ভারতের মনোভাব তুলে ধরা হয়েছে। দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ার পরই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এসেছে বলে বিবিসিকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।

প্রত্যর্পণের অনুরোধে সাড়া দিচ্ছে না ভারত
শেখ হাসিনাকে ফেরত চেয়ে ২০২৪ সালের ডিসেম্বরেই ভারতকে কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল বাংলাদেশ। এরপর একাধিকবার তাগাদা দেওয়া হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ইতিবাচক বা নেতিবাচক জবাব দেয়নি দিল্লি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে বন্দি হিসেবে বাংলাদেশের হাতে তুলে দিতে আগ্রহী নয় ভারত। দিল্লির বিবেচনায় তিনি দেশটির দীর্ঘদিনের মিত্র ও আস্থাভাজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে এভাবে ফেরত পাঠালে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপসহ অন্যান্য দেশে ভারতের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্রদের কাছেও নেতিবাচক বার্তা যেতে পারে।

এ ছাড়া ভারত-বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তিতে থাকা আইনি সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত ঝুলিয়ে রাখছে দিল্লি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দুটি শর্ত
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে ভারতের পক্ষ থেকে দুটি প্রধান শর্তের কথা জানানো হয়েছে।

প্রথমত, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে দেশটির সেনাবাহিনীকে। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে তিনি ভারতে পৌঁছেছিলেন। এবার তাকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও একইভাবে সেনাবাহিনীর সরাসরি ভূমিকা দেখতে চায় দিল্লি। প্রয়োজনে সামরিক বিমান পাঠিয়ে অথবা স্থলসীমান্তের নির্দিষ্ট কোনো স্থান থেকে তাকে গ্রহণ করার ব্যবস্থা করা যেতে পারে।

দ্বিতীয়ত, বাংলাদেশে ফিরে শেখ হাসিনা যেন মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে তার বিরুদ্ধে আনা অভিযোগে নতুন করে বিচারের সুযোগ তৈরি হয়, সেই নিশ্চয়তা চায় ভারত।

দিল্লির কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনাকে এমন পরিস্থিতিতে বাংলাদেশে পাঠাতে চায় না ভারত, যেখানে তার মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কা থাকবে। বরং তিনি যেন নতুন করে বিচার পাওয়ার সুযোগ পান, সেটি নিশ্চিত করতে আগ্রহী দেশটি। বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক মহল ও গণমাধ্যমের নজরদারিতে রাখার বিষয়টিও ভারতের বিবেচনায় রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তবে বাংলাদেশের বিচারব্যবস্থায় হস্তক্ষেপের অভিযোগ এড়াতে এসব বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে সতর্ক অবস্থানে রয়েছে দিল্লি।

প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে যোগাযোগের বিষয়টিও উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে।

সম্পর্কিত খবর

আফ্রিকায় তুরস্কের সামরিক উত্থান: চ্যালেঞ্জের মুখে রাশিয়া-চীনের প্রভাব

উত্তর আফ্রিকা ও সাহেল অঞ্চলে তুরস্কের সামরিক প্রভাব বাড়ছে। রাশিয়া-চীনের প্রতিযোগিতা, পশ্চিম সাহারার উত্তেজনা ও জলদস্যুতার ঝুঁকি আঞ্চলিক নিরাপত্তাকে জটিল করছে।

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের জেরে মেটার কার্যালয়ে ঢুকে যুব কংগ্রেসের বিক্ষোভ-ভাঙচুর

ভারতের হায়দরাবাদে নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালান যুব কংগ্রেস কর্মীরা। ঘটনায় ২০ জন আটক হলেও পরে মুক্তি পান।

চীনের সাথে রেকর্ড বাণিজ্য, তবুও আফ্রিকার ১০০ বিলিয়ন ডলারের ঘাটতি

চীনের সঙ্গে আফ্রিকার বাণিজ্য ৩৪৬.৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও ঘাটতি ছাড়িয়েছে ১০১.৪ বিলিয়ন ডলার। পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক শিল্পায়ন ও প্রযুক্তিগত স্বনির্ভরতায় জোর দিচ্ছে মহাদেশটি।

ভারতের উত্থান ঠেকাতে ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানকে সহায়তা করেছিল চীন: মার্কিন কমিশন

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল চীন—এমন দাবি করেছে মার্কিন কমিশন। এতে ভারতের নিরাপত্তা ও দুই ফ্রন্টে যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।