অধিকৃত পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত থেকে ইসরায়েল সরে না এলে দেশটির ২৭ কূটনীতিককে বহিষ্কারের হুমকি দিয়েছে যুক্তরাজ্য—এমন দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ব্রিটিশ সরকার।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের (Ynet) এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন ওয়াল্টার্স ইসরায়েলি কর্মকর্তাদের এ সতর্কবার্তা দিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিতে নিষেধাজ্ঞা আরোপের জেরে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে আগামী ৮ অক্টোবরের মধ্যে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল। এর পাল্টা পদক্ষেপ হিসেবে কনস্যুলেটে দায়িত্ব পালন করা ২৭ ব্রিটিশ কূটনীতিকের প্রত্যেকের বিপরীতে একজন করে ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি দিয়েছে যুক্তরাজ্য।
পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলোর ওপর যুক্তরাজ্যের আরোপ করা নিষেধাজ্ঞার মধ্যে বসতিগুলো থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞাও রয়েছে।
ইসরায়েলে অবস্থিত ব্রিটিশ দূতাবাস থেকে আলাদা এই কনস্যুলেটটি পূর্ব জেরুজালেম, অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক পরিচালনা করে। এর আওতায় রাজনৈতিক ও কনস্যুলার বিষয়ও রয়েছে।
এদিকে ব্রিটিশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল গত সপ্তাহে ইসরায়েল সফর করেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারে ইসরায়েলি কর্মকর্তাদের রাজি করানোর চেষ্টা ছিল তার সফরের অন্যতম উদ্দেশ্য। তবে এ নিয়ে কোনো সমঝোতা হয়নি, যদিও আলোচনা এখনো চলছে।
Ynet জানিয়েছে, কূটনীতিক বহিষ্কারের হুমকির বিষয়ে ব্রিটিশ দূতাবাস কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সূত্র: আলজাজিরা, রয়টার্স
