বাংলাদেশ সামরিক একাডেমিতে নতুন করে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে, যা দেশের সামরিক প্রশিক্ষণ কাঠামো সম্প্রসারণের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত এক সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান এই নতুন ব্যাটালিয়নের বিষয়টি তুলে ধরেন। সংশ্লিষ্টদের মতে, এর ফলে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক ক্যাডেটকে প্রশিক্ষণের আওতায় আনা এবং প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হবে। বর্তমানে প্রথম বাংলাদেশ ব্যাটালিয়নের অধীনে জাহাঙ্গীর, রউফ, হামিদ, নূর মোহাম্মদ ও মোস্তফা—এই ৫টি কোম্পানি দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় নবগঠিত দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন প্রাথমিকভাবে ৪টি কোম্পি নিয়ে কার্যক্রম শুরু করেছে। নতুন কোম্পানিগুলোর নাম রাখা হয়েছে আবু বকর, উমর, উসমান এবং আলী কোম্পানি।
এই ৪টি নাম ইসলামের ইতিহাসে প্রথম ৪ খলিফার নাম অনুসারে নির্ধারণ করা হয়েছে। আবু বকর, উমর ইবনুল খাত্তাব, উসমান ইবন আফফান এবং আলী ইবন আবি তালিব ইসলামের প্রাথমিক যুগের গুরুত্বপূর্ণ নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। এই নামকরণ সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা ও মতামত দেখা যায়। একাংশের মতে, সামরিক প্রতিষ্ঠানে এ ধরনের নাম ব্যবহারের মাধ্যমে ধর্মীয় পরিচয়ের প্রতিফলন দেখা যেতে পারে। অন্যদিকে আরেকটি পক্ষ যুক্তি দিয়েছে যে, বিশ্বের বহু দেশের সামরিক কাঠামোতে ঐতিহাসিক ব্যক্তিত্ব, জাতীয় বীর কিংবা ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত নাম ব্যবহার একটি দীর্ঘদিনের প্রচলিত প্রথা এবং এটিকে সাংগঠনিক ঐতিহ্যের অংশ হিসেবেই দেখা উচিত।
এ পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে এমন কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি যেখানে এই নামকরণের পেছনে কোনো ধর্মীয় নীতিগত উদ্দেশ্যের কথা উল্লেখ করা হয়েছে। ফলে বিষয়টি নিয়ে বিভিন্ন ব্যাখ্যা ও মতামত থাকলেও সেগুলোকে প্রতিষ্ঠিত তথ্য হিসেবে বিবেচনা করা যায় না। সামরিক বিশ্লেষকদের মতে, দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের সূচনা মূলত প্রশিক্ষণ অবকাঠামো সম্প্রসারণ, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির সক্ষমতা বৃদ্ধি এবং সেনাবাহিনীর সাংগঠনিক বিকাশের একটি বাস্তবধর্মী উদ্যোগ হিসেবে মূল্যায়ন করা যেতে পারে।
